
মাগুরা শ্রীপুরে মন্দির পরিদর্শনে বিএনপি নেতা মনোয়ার হোসেন খান।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ
দুর্গাপূজা উপলক্ষে মাগুরা শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। সপ্তমীর দিন (আজ) বিকেলে তিনি একাধিক মন্দির পরিদর্শন করেন এবং হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি মাগুরা সদরের টেঙ্গাখালী, গোলকনগর ও মৃগিডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির এবং শ্রীপুর উপজেলার খামারপাড়া ও হাটশ্রীখোল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় মনোয়ার হোসেন খান বলেন, আপনাদের আনন্দ উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই কামনা করি। আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে থাকবে।